২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

“তিনি টাকার বিনিময়ে এলাকার নারকেল গাছের ডালপালা কেটে পরিষ্কার করে দিতেন এবং নারকেল পেড়ে দিতেন।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান।

ওই এলাকার মোতাহার মুন্সীর ছেলে মৃত আব্দুল হক মুন্সী (৪৫) পেশায় ভ্যান চালক ছিলেন।  

এলাকাবাসী বলেন, রোববার সকালে বাড়ির পাশের একটি নারকেল গাছে ওঠেন আব্দুল হক মুন্সী। গাছ পরিষ্কারের সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি ছিটকে মাটিতে পড়েন।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলা হয়। পরে ঢাকার পথে আব্দুল হকের মৃত্যু হয়।

প্রতিবেশী রিপন মাতুব্বর বলেন, “আব্দুল হক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে টাকার বিনিময়ে এলাকার লোকজনের নারকেল গাছের ডালপালা কেটে পরিষ্কার করে দিতেন এবং নারকেল পেড়ে দিতেন।”

ওসি রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।