পদ্মা-যমুনায় পানি বৃদ্ধি, পাবনায় তলিয়েছে ফসলি জমি
পদ্মার হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ দশমিক ৮০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজানের ঢলে পাবনায় পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে; এতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের।
সোমবার পদ্মা নদীর হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ দশমিক ৮০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাবনা হাইড্রোলজি বিভাগ।
পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, সকালে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১০ দশমিক ০৩ মিটার, একই স্থানে রোববার পরিমাপ করা হয় ৮ দশমিক ৩৫ মিটার।
অপরদিকে যমুনা নদীর মথুরা পয়েন্ট সকাল ৯টায় ৮ দশমিক ৪০ মিটার পরিমাপ করা হয়; রোববার এই পয়েন্টে ৮ দশমিক ৩৫ মিটার পরিমাপ করা হয়। এখানে বিপৎসীমা নির্ধারণ করা রয়েছে ৯ দশমিক ২৪ মিটার।
স্থানীয়রা জানায়, পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকার আবাদি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর মাঝে জেগে ওঠা মোল্লার চর, বিলবামনি চর, সাহেবনগর চরসহ আশপাশের চর ও ফসলি জমি ডুবতে শুরু করেছে।
অপরদিকে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ও রূপপুর ইউনিয়নে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকার চরের জমিতে বাদাম, তিলসহ নানা ফসল রয়েছে।
রেজাউল করিম আরও বলেন, পাবনার নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে এমনিতেই ফসল হারানোর ভয় রয়েছে। কেননা ভারতে চলতি বছরে প্রচুর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে দেশে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত পানি বৃদ্ধির তেমন কোনো পরিস্থিতি পরিলক্ষিত হয়নি।
তবে বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বৃদ্ধিকে স্বাভাবিক ঘটনা বলেছেন হাইড্রোলজি বিভাগের এ কর্মকর্তা।
