গোপালগঞ্জে ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ বললেন অতিরিক্ত কমিশনার
“এডিস মশা আগে দিনে কামড়ালেও এখন রাতে কামড়াচ্ছে।”
ডেঙ্গুর বাহক এডিস মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়েছেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক।
তিনি বলেন, “সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে, এডিস মশা একসময় পরিষ্কার পানি ছাড়া ডিম পাড়তো না। এই বেয়াদবরা এখন ময়লা পানিতেও ডিম পাড়ছে।”
রোববার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, “এডিস মশা আগে দিনে কামড়ালেও এখন রাতে কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে।”
দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার উপস্থিত ছিলেন।
