১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে দাখিলের প্রশ্নফাঁসে যুবক গ্রেপ্তার, ২১ শিক্ষককে অব্যাহতি

এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আসামি করে মামলা হয়েছে; যেখানে দুজন মাদরাসা শিক্ষকও রয়েছেন।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 12:39 AM

Updated : 04 Mar 2024, 12:38 AM

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পরীক্ষা চলাকালে প্রশ্নফাঁসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; একইসঙ্গে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার উপজেলার পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান।

গ্রেপ্তার আল আমিন খান মোরেলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার অন্য দুই আসামি হলেন- পঞ্চকরণ দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী এবং খারুইখালি দাখিল মাদরাসার শিক্ষক এমদাদ হোসেন।

ইউএনও তারেক সুলতান বলেন, ইংরেজি প্রশ্নপত্র সংগ্রহ করে কেন্দ্রের শিক্ষার্থীদের উত্তর সরবরাহ করছিলেন আল আমিন খান। তাকে হাতেনাতে ধরা হয়েছে। তার ফোনে প্রশ্ন পাওয়া গেছে।   

“এটি একটি চক্র। এই চক্রের সঙ্গে অনেকেই জড়িত। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী সময়ে পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।”

পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে ইংরেজী পরীক্ষায় ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।