৬ দফা: রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা
বেলা সাড়ে ১১টার দিকে ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ছয় দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনের গেটে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়।
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী সালমান আহম্মেদ বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন এবং ভেতরে থাকা কর্মকর্তাদের ১০ মিনিট সময় দেন বেরিয়ে আসার জন্য।
“তাদের বের হওয়ার পর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাজশাহী বিভাগের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটেও একই কর্মসূচি পালন করা হয়।”
এর আগে রোববার বিকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে সমাবেশ শেষে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে তালা দেওয়ার সিদ্ধান্ত নেন।
গত মঙ্গলবার ও বুধবার রাজশাহী নগরের রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা এবং দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন তারা।
এ ব্যাপারে জানতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।
