২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের ‘আত্মহত্যা’

স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2024, 05:28 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টায় শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান।

মৃত ৩৮ বছর বয়সী মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মৃত ব্যক্তির পরিবারের বরাতে ওসি বলেন, “কর্মরত অবস্থায় মামুনুর নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় যে, এক যুবক ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

“পরে খোঁজ নিয়ে জানা যায়, মামুনুর সোমবার বিকালে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান। পরে রাত ১২টার দিকে আবার হোটেলে ফিরে আসেন। ভোর ৪ টার দিকে তিনি আবারও বের হন।”

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীদের বরাতে ওসি বলেন, সোমবার রাত ১০টার পর মামুনুর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন।

“ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।”

পুলিশের এ কর্মকর্তা বলছেন, “প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুরের দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।