২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে বিএনপির ২ পক্ষের হট্টগোল

“এমন একটি পবিত্র অনুষ্ঠানে দলের নেতারা পরস্পরকে অসম্মান করেছে এটা খুবই দুঃখজনক ঘটনা।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 02:01 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকালে মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী বক্তব্য শুরু করলেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয়।

এতে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যায় এবং সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সিনিয়র নেতারা হস্তক্ষেপ করেন। 

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার

বলেন, “এমন একটি পবিত্র অনুষ্ঠানে দলের নেতারা পরস্পরকে অসম্মান করেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। আশাকরি আমাদের ম্যাডামের জীবন থেকে নেতাকর্মীরা যারা পথভ্রষ্ট তারা শিখবেন এবং একটা সুস্থ সুন্দর সম্মানজনক রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।” 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল।