বরগুনায় ১২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির ফাঁসির রায়
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সকালে মক্তবে যাওয়ার পথে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানান পিপি।
বরগুনার বেতাগী উপজেলার ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রনজুয়ারা শিপু।
দণ্ড পাওয়া মহাসিন কাজী (৪৫) উপজেলার শরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা।
মামলার বরাতে পিপি রনজুয়ারা শিপু বলেন, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সকালে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটি গ্রামের মক্তবে আরবি পড়তে যাচ্ছিল। পথে মেয়েটিকে একা পেয়ে খাবারের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপে নিয়ে ধর্ষণ করেন মহাসিন।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনার তিন দিন পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম ২০২৪ সালের ৩০ নভেম্বর মহসিন কাজীকে আসামি করে আদালতে অভিযোপত্র জমা দেন বলে জানান পিপি।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে জানান নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের আইনজীবী রনজুয়ারা শিপু।
দণ্ড পাওয়া মহাসিন কাজীর মায়ের দাবি, “বাদীপক্ষের লোকজন মীমাংসা করতে টাকা-পয়সা চেয়েছিল। আমি শাকপাতা বিক্রি করে খাই। তাদের চাহিদা মত টাকা দিতে পারিনি বলে আমার ছেলের ফাঁসি হয়েছে। আমি গরীব মানুষ আপিল করব, সেই সমর্থও নাই।”
রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বড় বোন বলেন, “এরকম একটি অপকর্মের ন্যায় বিচার পেয়েছি। আমরা খুশি হয়েছি।”
