রাকসু নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন আরও ৯ জন
এ ছাড়া সিনেট সদস্য পদে একজন মনোনয়ন উত্তোলন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে আরও নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিনেট সদস্য পদে একজন মনোনয়ন উত্তোলন করেছেন।
মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন সোমবার এসব প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানান রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) আব্দুর নুর ও জুয়েল রানা, সাংস্কৃতিক সম্পাদক পদে মাহবুব আলম, মহিলা বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান অহনা, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক পদে আবু জুহাইম সরকার এবং নির্বাহী সদস্য পদে রাহুল আগারওয়াল প্রভাত, আব্দুল্লাহ আল মুয়াজ, মো. জুয়েল রানা এবং সজীব হোসেন মনোনয়নপত্র নিয়েছেন।
এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি পদে জাকির হোসেন মনোনয়ন ফরম নিয়েছেন।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ বলেন, হল সংসদে বিজয়-২৪ হলে তিনজন, শহীদ জিয়াউর রহমান হলে একজন, শহীদ সোহরাওয়ার্দী হলে একজন, মাদার বখ্স হলে নয়জন, মতিহার হলে একজন, আমির আলী হলে একজন, নবাব আব্দুল লতিফ ১২ জন, শহীদ শামসুজ্জোহা হলে নয়জন, শহীদ হবিবুর রহমান হলে একজন, তাপসী রাবেয়া হলে ১১ জন এবং রহমতুন্নেসা হলে চারজনসহ মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
কেন্দ্রীয় সংসদে এ পর্যন্ত ২৩ পদের মোট ১৪ জন, সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচ পদের বিপরীতে একজন মনোনয়ন ফরম নিয়েছেন।
প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন, “মনোনয়ন বিতরণের দ্বিতীয় দিনেও আমরা আশানুরূপ সাড়া পাইনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিব মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হবে কি-না।”
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।
২৭ ও ২৮ অগাস্ট মনোনয়ন দাখিল, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ২ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থীতা তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ভোটগ্রহণ হবে। সেদিনই ফল ঘোষণা করা হবে।
