রাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন পাঁচজন
১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ভোটগ্রহণ হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন।
কেন্দ্রীয় সংসদে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সজিবুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে কাজী শাফিউল কালাম, সহকারী গেমস এবং স্পোর্টস সম্পাদক পদে রিদুয়ানুল হক, নারী বিষয়ক সম্পাদক পদে নিশা আক্তার ও নির্বাহী সদস্য পদে স্বাধীন খন্দকার মনোনয়ন ফরম নিয়েছেন।
এ ছাড়া হল সংসদে ১৭টি হলের মধ্যে শুধু বেগম খালেদা জিয়া হল থেকে মাহমুদা খাতুন সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে সিনেট ছাত্র প্রতিনিধি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহবুবুল ইসলাম বলেন, “পোষ্য কোটা আন্দোলনের কারণে আজকে মনোনয়ন সংগ্রহ করতে অনেকেই আসেনি। আশা করছি, সোমবার ও মঙ্গলবার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেবেন।”
এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী, ২৬ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
তফসিল অনুযায়ী, ২৭ ও ২৮ অগাস্ট মনোনয়ন দাখিল, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ২ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থীতা তালিকা প্রকাশ, ৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ভোটগ্রহণ হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
