২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে: তারেক রহমান

রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং দেশের অধিকাংশ মানুষ বিএনপির প্রতীক ধানের শীষকে ভোট দেবে। তবে নির্বাচনে জয়লাভের পর দেশ গড়ার পথে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

রোববার বিকালে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

ঐতিহাসিক মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে আয়োজিত এ সম্মেলনে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন।

তারেক রহমান বলেন, “আমাদের সামনে বহু চ্যালেঞ্জ রয়েছে। স্বৈরাচারী শাসনব্যবস্থা দেশের শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনীতি ও স্বাস্থ্যখাত ধ্বংস করেছে নিজেদের স্বার্থে। যদি আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এসব খাত পুনর্গঠন আমাদের প্রথম দায়িত্ব হবে।” 

তিনি অভিযোগ করেন, “তৎকালীন সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছিল যাতে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে। হাসপাতালগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছিল। বিদেশে চিকিৎসা পাঠানোর নামে বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে।” 

তিনি বলেন, “গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা- এসব ছিল অতীত সরকারের চিহ্নিত অপকর্ম। শুধু বিএনপি নয়, যেকোনো বিরোধী দল কিংবা সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধেও ছিল দমন-পীড়ন। এমনকি রাজনীতিতে সক্রিয় না থাকা পরিবারের সদস্যদেরও হয়রানি করা হয়েছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “অতীতে নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, যাতে কোনো স্তরেই সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব না হয়। বিচারব্যবস্থা ধ্বংস, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিককরণ, অর্থনীতি লুটপাট- এসবই ছিল স্বৈরাচারের কৃতিত্ব।” 

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বক্তব্য দেন দলের আরেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।

এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মামুন-অর-রশিদ মামুন।