বেনাপোলে এনবিআরের কর্মবিরতিতে শুল্কায়ন স্থবির, ব্যবসায়ীদের ক্ষতি
বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের কর্মবিরতির তেমন কোনো প্রভাব পড়েনি বন্দরে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী বেনাপোল কাস্টমস হাউজে পূর্ণদিবস ‘কর্মবিরতি’ চলছে।
এতে আমদানি-রপ্তানি চালু থাকলেও সময়মত পণ্য সরবরাহ নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের কর্মবিরতির তেমন কোনো প্রভাব পড়েনি বন্দরে। বন্দরের পণ্য উঠানামা ও খালাশ প্রক্রিয়া স্বাভাবিক সময়ের মতই চলছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ১৪ মে থেকে টানা ‘কলম বিরতি’ পালন করছেন কাস্টমস কর্মকর্তারা।
প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘কলম বিরতি’ চলে। বাকি দিনগুলোয় ৩টা পর্যন্ত ‘কলম বিরতি’ পালিত হয়।
এর মধ্যে ১৬ মে (শুক্রবার) সাপ্তাহিক ছুটি ছিল। ২০ মে ও ২২ মে পুরোপুরি কাজ চলে। কিন্তু ২১ মে পূর্ণদিবস ‘কর্মবিরতি’ পালিত হয়; যা রোববারও অব্যাহত রয়েছে।
আমদানিকারক আনোয়ার আলী আনু বলেন, “কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্দরে আমাদের মাল দিনের পর দিন আটকে থাকছে। অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, “এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি সারাদেশে পালিত হচ্ছে। এতে আমরা সহমত পোষণ করে কর্মবিরতি পালিন করছি।”
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, “এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে গত ১৪ মে থেকে। তবে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানির-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলছে। বন্দরে পণ্য উঠানামা ও খালাস প্রক্রিয়া চলমান রয়েছে।”
