২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ভূমিতে মুগ্ধতা ছড়াচ্ছে ‘শান্তি প্যাগোডা’

‘শান্তি প্যাগোডা’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা।

আবদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 09:36 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

কুমিল্লার কোটবাড়ি এলাকায় পাহাড়ি ভূমিতে প্রায় আড়াই একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয়েছে ‘নব শালবন বিহার’। চোখ ধাঁধানো এই স্থাপনাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়।

কুমিল্লার নব শালবন বিহার দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার বা ‘শান্তি প্যাগোডা’। কোটবাড়ি শালবন বিহার মাঠের পশ্চিম পাশে বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠার পর থেকেই সৌন্দর্যের জন্য পূণ্যার্থীসহ দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে। 

নব শালবন বিহারে আছে থাইল্যান্ড থেকে উপহার হিসেবে পাওয়া প্রায় ছয় টন ওজনের এবং ৩০ ফুট উচ্চতার সোনালি রঙের ধাতব বুদ্ধ মূর্তি। বিহারের প্রার্থনালয়ের ছাদের ওপর স্থাপন করায় মূর্তিটি দেখা যায় অনেক দূর থেকে।

সম্প্রতি নব শালবন বিহার ঘুরে দেখা গেছে, শান্তি প্যাগোডার সোনালি রঙের ওই বুদ্ধ মূর্তিতে সূর্যের আলো পড়লে চারপাশ ঝলমল করে ওঠে। প্যাগোডার পাশেই রয়েছে বর্ণিল ফুলের মেলা। শান্তি প্যাগোডার ওপরে ওঠার তিন দিকে সিঁড়ি রয়েছে। সিঁড়ির মুখে রয়েছে সোনালি রঙের নাগরাজের প্রতিকৃতি। 

বড় আকারের ওই বুদ্ধমূর্তির নিচে দোতলায় রয়েছে উপাসনালয়; সেখানে রয়েছে আরও চারটি মূর্তি।ওই মূর্তিগুলো থাইল্যান্ডের প্রচলিত মূর্তির আকৃতিতে তৈরি। উপাসনালয়ের উপরের ধাপে চারটি পিতলের চূড়া রয়েছে। সবার উপরে পিতলের বড় চূড়াটি। সেটির ওজন পাঁচ টন, এটিও আনা হয়েছে থাইল্যান্ড থেকে। এর দরজায় রয়েছে থাই গাছের কাঠের নকশা। 

দর্শনার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে জুতা খুলে প্রবেশ করে শান্তি প্যাগোডা ঘুরে দেখছেন। দর্শনার্থীদের মধ্যে বৌদ্ধ ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন রয়েছেন।

নব শালবন বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের বলেন, “এই বিহারের জন্য থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে ধাতব পদার্থে তৈরি ৩০ ফুট উঁচু ও ছয় টন ওজনের দাঁড়িয়ে থাকা বৌদ্ধ মূর্তিটি দান করা হয়। 

“মূর্তিটি যাতে অনেক দূর থেকে দেখা যায়, তাই ছাদের উপর স্থাপন করা হয়েছে।এতে এ বিহারের নান্দনিক সৌন্দর্য ও সমৃদ্ধি অনেকগুণ বেড়ে গেছে।” 

১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর ‘নব শালবন বিহার’ ও ‘বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল অ্যাকাডেমি’ প্রতিষ্ঠা করা হয়। আর ওই মূর্তিটি ২০১৪ সালের ১৫ অগাস্ট নব শালবন বিহারে স্থাপন করা হয় বলে শীলভদ্র মহাথের জানান। 

তিনি বলেন, “নব শালবন বিহার ক্যাম্পাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনালয়, মেডিটেশন সেন্টার, শালবন বিহার স্কুল ও অনাথ আশ্রম, লাইব্রেরি, শালবন বিহার জাদুঘর, সেমিনার হল, অতিথিশালা ও হোস্টেল রয়েছে। স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থী বিহারের অনাথ আশ্রমে থেকে লেখাপড়া করছে।” 

এ বিহারে বর্তমানে চারজন শিক্ষকসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন জানিয়ে শীলভদ্র বলছেন, “নব শালবন বিহারের আঙিনায় থাইল্যান্ডের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দানে বিশ্ব শান্তি প্যাগোডা নির্মাণ করা হয়; এতে ব্যয় হয় প্রায় ১৮ কোটি টাকা। 

“এখানে থাকা প্রায় সব মূর্তিই থাইল্যান্ড থেকে আসা। ২০১৭ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।”  

নব শালবন বৌদ্ধ বিহারে প্রবেশ পথে কথা হয় টিকেট বিক্রেতা বিষ্ণু হাজারীর সঙ্গে। তিনি বলছিলেন, “সাধারণ দর্শনার্থীদের ৩০ টাকা দিয়ে প্রবেশ করতে হয়।তবে বিদেশী দর্শনার্থী হলে টিকেটের মূল্য ১০০ টাকা। 

“বর্তমানে গড়ে প্রতিদিন শতাধিক মানুষ এখানে ঘুরতে আসেন। তবে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা তিন শতাধিক ছাড়িয়ে যায়। আর পর্যটন মৌসুম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে দর্শনার্থীদের ঢল নামে।” 

শালবন বিহার স্কুল ও অনাথ আশ্রমের শিক্ষক রনি মার্মা রাঙ্গামাটির বাসিন্দা।এখানে শিশুদের পাঠদান দিতে পেরে তিনি আনন্দিত বলে জানান। 

রনি মার্মা বলেন, “কুমিল্লা অনেক সমৃদ্ধ একটি জেলা।বিশেষ করে বৌদ্ধ সভ্যতার ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ কুমিল্লার কোটবাড়ি এলাকা। এখানে নব শালবন বিহারের মতো প্রতিষ্ঠান মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। 

“আমাদের প্রতিষ্ঠানে শতাধিক শিশু পড়াশোনা করে; যাদের বেশির ভাগই অনাথ। আমরা শিশুদের ভালোভাবে পাঠদান চালিয়ে যাচ্ছি। এখানে প্রতিদিন বিভিন্ন ধর্মের মানুষজন ঘুরতে আসেন।” 

প্রতিষ্ঠানটির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লাউলী ম্রো বলেন, “বান্দরবান থেকে এখানে এসে অনাথ আশ্রমে থেকে পড়াশোনা করছি। সবাই আমাকে ভালোভাবে সহযোগিতা করছে।”  

ঢাকা থেকে নব শালবন বিহারে বেড়াতে আসা সানজিদা আক্তার বলেন, “কুমিল্লার ঐতিহাসিক শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘরের পাশেই বিশ্ব শান্তি প্যাগোডা। দূর থেকেই বৌদ্ধ মূর্তিটি যে কারো নজর কাড়বে।

“বলা চলে, এটি কুমিল্লার পর্যটন খ্যাতে নতুন সংযোজন।এর দৃষ্টিনন্দন স্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করছে। আমিও ঘুরে দেখে মুগ্ধ হয়েছি।”

আরেক দর্শনার্থী শিমুল বড়ুয়া বলেন, “এই নব শালবন বৌদ্ধ বিহার বা বিশ্ব শান্তি প্যাগোডা একটি নান্দনিক স্থাপনা। বৌদ্ধ ধর্মের লোকজন শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃপ্রতিম পরিবেশে এখানে অবস্থান করছে। মুসলমান ও হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-সম্প্রদায়ের মানুষ এখানে আসেন। এই স্থাপনা সম্প্রীতির এক অনন্য উদাহরণ।”  

সবকিছু মিলিয়ে কুমিল্লার এই নব শালবন বিহার দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার বা শান্তি প্যাগোডা (উপাসনালয়) বলে অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের জানালেন। 

তিনি বলেন, “এই বিশ্ব শান্তি প্যাগোডা দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করছেন। বর্তমানে এখানের অনাথ আশ্রমে শতাধিক শিক্ষার্থী রয়েছে। 

“যাদের মধ্যে ৫২ জন শিক্ষার্থীর খরচ চলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়। বাকি দর্শনার্থীদের আয় ও মানুষের দানে। এখানে সব ধর্মের মানুষের মিলনমেলা ঘটে।”