১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য কলেজ ছাত্রের ‘অপহরণ নাটক’

পরিবারের কাছে ফোন করে মুরাদকে অপহরণ করা হয়েছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 05:35 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

খাগড়াছড়ির দীঘিনালায় মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার বেলা ১২টার দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে কলেজছাত্রকে উদ্ধারের পর এই তথ্য জানিয়েছেন দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার। 

১৯ বছর বয়সী মো. মুরাদ হোসেনের বাড়ি রাঙামাটি জেলার সাজেক এলাকার বাঘাইহাট গ্রামে।

তিনি বলেন, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে (দীঘিনালা কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মুরাদ। এরপর তার পরিবারের কাছে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এর মধ্যে পরিবারের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহায়তা নেন এবং একই সঙ্গে দীঘিনালা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে দীঘিনালা জোনের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ছোট মেরুং এলাকা থেকে ওই কলেজছাত্রকে উদ্ধার করা হয়। 

ওসি ইকবাল আরও বলেন, “উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে মুরাদ হোসেন স্বীকার করেন মোটরসাইকেল ও আইফোন কেনার জন্য তিনি নিজেই অপহরণের ঘটনাটি সাজিয়েছিলেন।“  

পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।