বাউল আবুল সরকারের মুক্তি দাবি: খুলনার সমাবেশেও হামলা
হামলাকারীরা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাদের ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেন।
বাউল আবুল সরকারের মুক্তিসহ সারাদেশে মাজার, দরগা ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে বামপন্থি ছাত্র সংগঠনটির কয়েকজন কর্মী আহতের খবর পাওয়া গেছে।
বুধবার বিকাল ৫টার দিকে নগরের শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বামপন্থি কয়েকটি সংগঠন মানিগঞ্জের বাউল আবুল সরকারের মুক্তিসহ বিভিন্ন স্থানে বাউল ও দেশি সংস্কৃতির হামলা এবং বাধা দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে। পূর্ব ঘোষণা অনুযায়ী গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা সেখানে ব্যানার নিয়ে কর্মসূচি শুরু করেন।
অপরদিকে একইস্থানে একই সময় ‘ছাত্র-জনতা’ নামে পাল্টা কর্মসূচি দিয়ে প্রচার শুরু করেন একদল লোক। তাদের অভিযোগ, বাউল আবুল সরকার ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’ করেছেন।
‘ছাত্র-জনতা’ কর্মসূচি ঘোষণার পর থেকে শিববাড়ি মোড়ের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে লোকজন জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা বাউল আবুল সরকারের পক্ষের গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণা দেন।
হামলাকারীরা ছাত্র জোটের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাদের ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে দেন। এ সময় কয়েকজনকে মারধরও করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বাউলদের পক্ষে কেউ দাঁড়ালে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়। ‘নাস্তিকদের জায়গা খুলনায় হবে না’ বলে স্লোগান দেন কেউ কেউ।
ওসি কবির হোসেন বলেন, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা থাকায় আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
ব্যানার পুড়িয়ে ফেলার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে বলেছে।
এর আগে একই দাবিতে দুপুর বেলা ঠাকুরগাঁওয়ে বাউলরা সমবেত হওয়ার চেষ্টা করলে সেখানেও হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন:
