Published : 11 Feb 2025, 05:19 PM
নরসিংদীর শিবপুরে জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভুইয়ার বসত বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার যোশর ইউনিয়নের ভংগারটেক গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান।
জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভুইয়া আমান বলেন, “আমার বাড়ির দৈর্ঘ্য ৬০ ফুট ও প্রস্থ ২৫ ফুট। গ্রামের ওই বাড়িতে আমরা কেউ নিয়মিত থাকি না। বাড়িটিতে প্রায় ২৫ লাখ টাকার আসবাবপত্র ছিল। আগুনের ঘটনায় অবশিষ্ট আর কিছু নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে।
“দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে বাড়িটির দুটি কক্ষে আগুন দিয়েছে। আগুনে পুড়ে সব মিলিয়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে।”
কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, “এটা তাৎক্ষণিক বলতে পারছি না।”
ওসি ফরিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।