লালমনিরহাট সীমান্তে দুই দেশের গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম।
তিনি বলেন, “বিষয়টি নিয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ৮৭৩ ও ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখায় ১০ থেকে ১২ জন বাংলাদেশি ঘাস কাটতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নলনিবাড়ী গ্রামের কিছু বাসিন্দা তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে সীমান্তের দুই পাশের গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে শূন্যরেখার কাছে জড়ো হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বড় ধরনের সংঘর্ষ হয়নি।
খবর পেয়ে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের নাগরিকদের সরিয়ে নেয়। একই সময় বিজিবির ৬১ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা আল জিসান সাকিব বলেন, ভারতীয় বাসিন্দারা অস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল। বিএসএফ সময়মত এসে তাদের সরিয়ে না দিলে বড় ধরনের সংঘর্ষ হতে পারত। প্রায়ই এ ধরনের উত্তেজনা হয়, যা নিয়ে সাধারণ মানুষ আতঙ্কে থাকে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
