Published : 11 Mar 2026, 04:03 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টয়লেটের ট্যাংক থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন।
নিহত নাসিমা বেগম ওই এলাকার মিজানুর রহমান ভেজুর স্ত্রী।
ওসি হুমায়ুন কবির বলেন, “সকালে নাসিমার বাড়ির উঠানে রক্ত দেখেন প্রতিবেশীরা। পরে বাড়ির পাশের টয়লেটের ট্যাংকে তার লাশ দেখতে পান তারা। এ ঘটনায় তার স্বামী মিজানুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।”
পারিবারিক কলহের জেরে মিজানুর তার স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।