১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর গার্ডারে ধাক্কা, রাজবাড়ীতে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেল সেতুর গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপুর রেলওয়ে সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী জিআরপি থানার এসআই মো. লিটন। 

পুলিশ জানায়, কুষ্টিয়ার পোড়াদহ স্টেশন থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী একটি শাটল ট্রেনের ছাদে ওই যুবকসহ কয়েকজন যাত্রী ছিলেন। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি কালিকাপুর রেলওয়ে সেতু পার হওয়ার সময় ছাদে থাকা ওই যুবক সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা খান।

এতে গুরুতর আহত হয়ে ট্রেনের ছাদেই তার মৃত্যু হয়। পরে ট্রেনটি কালুখালী স্টেশনে পৌঁছালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

এসআই লিটন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।