১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাথায় সাদা টুপি, মুখে মাস্ক পরে নারায়ণগঞ্জে যুবলীগের মিছিল

সিসিটিভি ভিডিও দেখে মিছিলকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 07:53 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

নারায়ণগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সোমবার ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিলটি বের হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।

তিনি বলেন, “ভোরের দিকে যখন সড়কে লোকজন কম ছিল, তখন একটি মিছিল হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখতে সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ’ লেখা ব্যানারে মাথায় সাদা ক্যাপ ও মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন নেতা-কর্মীরা। তারা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়কের বলাকা ফিলিং স্টেশন থেকে কালিরবাজার ব্যাংকের মোড় পর্যন্ত যান। ভোরের আলো ফুটলেও সড়কের দুই পাশের দোকানপাট তখন বন্ধ ছিল।

ওসি সাজেদুর রহমান বলেন, মিছিলকারীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।