কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ‘ছাত্রলীগের’ বিক্ষোভ
“কয়েকজন অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।”
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ২০ মিনিটের মতো বিক্ষোভ করে। এ সময় ওই সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, “কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।”
পরে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
