সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার
পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকার কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঢাকার তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ বিন আহমেদ সদর উপজেলার কান্দা পাড়ার বাসিন্দা।
ওসি মোবারক বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ও স্থানীয়রা মিলে কাওরান বাজার এলাকা থেকে আব্দুল্লাহ বিন আহম্মেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।”
তিনি বলেন, “গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তেজগাঁও থানায় দায়ের করা মারামারি মামলার আসামি তিনি। সেই মামলায় গ্রেপ্তারের পর তাকে ঢাকার একটি আদালতে পাঠানো হয়েছে।”
এছাড়াও সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
