২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশু নিহত

“অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু শুভজিৎ মারা যায়।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

শেরপুরের নকলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নয় মাসের এক শিশুর প্রাণ গেছে। 

এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর বাবা-মাসহ আরও অন্তত পাঁছজন। 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন। 

নিহত শিশুর নাম শুভজিৎ। আহত বাবলা অটোরিকশ চালক।  

বাকিদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অটেরিকশার সঙ্গে শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নয় মাসের শিশু শুভজিৎ মারা যায়। আহত হন অটোরিকশ চালক বাবলা এবং শুভজিৎ এর বাবা-মাসহ আরও পাঁচ যাত্রী।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

ওসি হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হলেও বাস চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।