২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য

নির্বাচন-পরবর্তী সময়ে শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 03:42 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, শুক্রবার রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- চাঁদপুর শহরের বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০) এবং ওয়ারলেস বাজার এলাকার মনির ও ফাহিম। 

ওসি ফয়েজ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন সময় চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা দেখা দেয়। তার জের ধরে নির্বাচন-পরবর্তী সময়ে শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

পরে নবনির্বাচিত সংসদ সদস্যের নির্দেশে বিশৃঙ্খলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা হয় ও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “যারা বিশৃঙ্খলা করবে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এমনকি নিজ দলের কর্মীদের এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। 

“এছাড়া যারা মাদকের সঙ্গে সম্পর্ক রাখবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকমুক্ত ও সুন্দর চাঁদপুর বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করছি।” 

দলীয় শৃঙ্খলা বজায় ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় এমপির এ পদক্ষেপ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন সচেতনমহল।