Published : 30 Aug 2025, 10:19 AM
গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই ভাই।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
নিহতরা হলেন, রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭), তারা উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা বলেন, রাতে গোপালগঞ্জ শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে দুভাই খাগাইল গ্রামের বাড়িতে ফিরছিলেন।
রাত ১০টার দিকে ডুমদিয়া পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই ভাই সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুলাল আমিন খান মারা যান। মোটরসাইকেলটির চালক ও মারাত্মক আহত রুহুল আমিন খানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই রোমান মোল্লা বলেন, আইনী প্রক্রিয়া শেষে দুই সহোদরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।