রাজশাহীতে গভীর রাতে আগুনে পুড়ল ১২ সবজি দোকান
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী নিউ মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১২টি সবজি দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হন।
শনিবার রাত ১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউ মার্কেটের পেছনের অংশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, দেলোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে বলে ধারণা এই কর্মকর্তার।
