১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরের আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়দের চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 07:05 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

দিনাজপুরের খানসাম্য়া আত্রাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

খানসামা থানার ওসি আব্দুল বাসেত সরকার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার বেলা ১২টার দিকে খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন সিরাজ- উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

তাদের বাড়ি ঢাকার মিরপুরে। গত রোববার সাদ্দাম তার পরিবারসহ শ্বশুরবাড়ি, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে বেড়াতে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আব্দুল বাসেত বলেন, বুধবার সাদ্দাম তার দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) এবং ভাই মান্নাকে নিয়ে খানসামা উপজেলায় লিচু কিনতে যান। লিচু কেনা শেষে ফেরার পথে তারা কালিরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করতে নামেন।

“গোসলের এক পর্যায়ে সাদ্দাম ও মান্না পানিতে তলিয়ে যান। তবে এ সময় সাদ্দামের দুই ছেলে সজীব ও নুর আলম সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়দের চেষ্টায় বেলা ২টায় মান্না ও সাড়ে ৩টায় সাদ্দামের মরদেহ উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনার জন্য কোনো পক্ষের তাৎক্ষণিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যৗবস্থা গ্রহণ করা হবে।