২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় শেরপুরে গ্রেপ্তার ৪

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানা ও শেরপুর সদর থানায় মামলা রয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 04:44 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা আলাদা মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় হত্যা এবং তিনজনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিনআনি এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১৪ জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চিকাপাড়া মালিঝিকান্দা গ্রামের মোশারফ হোসেন (৩০), বাতিয়াগাঁও গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩৮), হাসলিগাঁও গ্রামের মো. নিজাম উদ্দিন (৩৯) এবং শেরপুর সদর উপজেলার ধানুয়া পাড়া গ্রামের মো. হুমায়ূন কবির (৬০)।

র‌্যাব জানায়, ৪ অগাস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হন। 

এ ঘটনায় আশরাফুলের ভাই মো. আমিনুল ইসলাম মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলার মোশারফ হোসেনকে আসামি করা হয়।

অপরদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় শেরপুরে হামলার ঘটনায় সদর থানায় হত্যা চেষ্টার মামলা হয়; যেখানে জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন এবং হুমায়ূন কবিরকে আসামি করা হয় বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানির কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক।