Published : 10 Jun 2026, 06:30 PM
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সালিশে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি একরামুল হোসাইন জানান।
নিহত ইব্রাহিম আলী ওই গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, দুর্লভপুর গ্রামে একটি মামলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। সকালে বিষয়টি নিয়ে দুপক্ষের লোকজন সালিশে বসে।
উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তারা সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে ইব্রাহিমসহ কয়েকজন আহত হন। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
আহত বাকিদের জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি একরামুল হোসাইন বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।