Published : 20 Jul 2026, 01:46 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণ গেছে।
রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃতদের মধ্যে এক বছর পাঁচ মাস বয়সী তাসফিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের মেয়ে।
এক বছর সাত মাস বয়সী আব্দুল্লাহ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা শামসুল ইসলামের ছেলে। আর আট মাস বয়সী তানভীর সুনামগঞ্জের সদর উপজেলার বাসিন্দা আইনদ্দিনের ছেলে।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।