Published : 10 Jun 2026, 04:54 PM
রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-নওগাঁর মান্দা উপজেলার আবদুল্লাহ ফিরোজ।
তিনি মোহনপুর উপজেলার কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের ক্যাশ ইনচার্জ ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে আতানারানপুর গ্রামের মাহিন্দ্রাচালক আব্দুর রহিম, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী নাসরিন এবং আরও একজন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”
ওসি মিজানুর বলেন, “ট্রাকটির চালক ও তার সহকারীকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”