Published : 06 Jul 2026, 09:25 PM
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার ঘটেছে; যার ছেলে বিজিবিতে কর্মরত আছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান।
নিহত আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) দুর্বারচর গ্রামের প্রয়াত আব্বাস আলী আকন্দের ছেলে। বারেক আকন্দের ছেলে মাজহারুল ইসলাম আকাশ বিজিবি সদস্য।
পুলিশ ও স্বজনরা জানান, রাতে স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন পথরোধ করে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাবার নিহতের খবর শুনে বিজিবি সদস্য মাজহারুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হারালাম। বাবা, তোমার শূন্যতা কিভাবে পূরণ করবো। পরিবার পরিজন রেখে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে দেশের মানুষের নিরাপত্তায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্বরত আমি।
“কিন্তু আমার পরিবারের নিরাপত্তা কে দিবে? আমাদের কোন শত্রু ছিল না, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে। বিচার চেয়ে আপনাদেরকে লজ্জা দিবো না।”
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।