Published : 18 Nov 2025, 08:52 PM
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বনজীবী মারা গেছেন বলে জানিয়েছে বন বিভাগ।
সোমবার দুপুরে সুন্দরবনের কুকোমারি খালে জাল ফেলার সময় তার মৃত্যু হয় বলে জানান সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক।
মৃত আব্দুস সাত্তার গাজী (৫৫) শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, সাত্তার গাজী নিবন্ধিত বনজীবী। তিনি বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে জেলে নৌকা নিয়ে গিয়েছিল। মঙ্গলবার জানাজার নামাজ শেষে লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
সাত্তার গাজীর সহযোগী জেলে খানজাহান আলীর ভাষ্য, ১২ নভেম্বর তারা তিনজন কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যান। সোমবার দুপুরের দিকে কুকোমারি খালে জাল ফেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে সাত্তার। এ সময় নিজেকে ধরতে বলে সাত্তার নৌকার মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আব্দুস সাত্তারের ছেলে রাহুল ও বাবুল বলেন, মাছ ধরতে গিয়ে তাদের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন সহযোগীরা।
সুন্দরবনে মাছ-কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের তাৎক্ষণিক চিকিৎসায় টহল ফাঁড়িগুলোতে জরুরি কিছু ওষুধ রাখার দাবি জানান তারা।
বন বিভাগ জানায়, ছয় মাসে সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া শিকারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিন বনজীবীর মৃত্যুর ঘটনা ঘটল। সেপ্টেম্বরে খলিলুর রহমান (৬০) এবং মার্চে হরিপদ গাইনের মৃত্যু হয়।
বনে অসুস্থ হয়ে কোনো বনজীবীর মৃত্যু হলে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ নেই বলে জানান কদমতলা স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ।