Published : 11 May 2026, 01:38 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শক্রতার জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় কুপিয়ে আহত করা হয় তার স্ত্রীকে। এ ঘটনায় সন্দেহভাজনকে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানিয়েছেন।
নিহত ৭০ বছর বয়সী সোবহান প্রামাণিক ওই গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি স্থানীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন।
সোবহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তার স্ত্রী শেফালী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আটক ৫০ বছর বয়সী হায়দুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্বজন ও স্থানীয়রা বলেন, রাতে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে সিঁদ কেটে শোবার ঘরে প্রবেশ করে কে বা কারা সোবহান প্রামাণিককে মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় তার স্ত্রী শেফালী বাধা দিতে গেলে তার দুহাতে কুপিয়ে জখম করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তখন রক্তমাখা কাপড়সহ হায়দুলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহতের স্বজনরা বলছেন, এলাকার খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায় দুবছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের বাবা ও ছেলেকে হত্যা করা হয়।
সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
এ বিষয়ে ওসি মোক্তারুজ্জামান বলেন, “স্থানীয়রা একজনকে আটক করেছে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।”