২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

বৃহস্পতিবার রাতে বিএসএফের গুলিতে তিনজন আহত হন, এদের মধ্যে দুজন মারা যান।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশের যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারত। 

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বিলোনিয়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৪০) লাশ হস্তান্তর করেছে বিএসএফ। 

ইয়াছিন লিটন ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা বাঁশপদুয়া গ্রামের মনির আহমেদ ওরফে গাছি মিয়ার ছেলে।

লিটনের লাশ ফেরত পেতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। শুক্রবার দুপুরে বাংলাদেশ ও ভারতের দ্বি-পাক্ষিক পতাকা বৈঠকে লিটনের মরদেহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। 

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৪/৩ এস অতিক্রম করে মো. মিল্লাত হোসেন, মো. আফছার ও মো. ইয়াছিন লিটন ভারতে ঢুকে পড়ে। চোরাই মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। 

একপর্যায়ে বিএসএফকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ছুড়ে মারে চোরাকারবারিরা। এতে বিএসএফ গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হয়। মিল্লাত ও আফসার গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে। কিন্তু গুলিবিদ্ধ লিটন ভারতীয় সীমানায় পড়ে থাকে। 

বিএসএফ সদস্যরা লিটনকে উদ্ধার করে ভারতের স্থানীয় বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিটনের মৃত্যু হয়। 

অপরদিকে মিল্লাত ও আফসারকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে নেওয়ার পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আফসারের অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

নিহতের স্বজনদের দাবি, পরশুরাম পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামে কৃষি জমিতে বৃহস্পতিবার মধ্যরাতে মাছ ধরতে গেলে তিন বাংলাদেশীকে গুলি ছুড়ে বিএসএফ। এতে লিটন ও মিল্লাত নামে দুইজন নিহত ও আফসার নামে একজন আহত হয়।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জেলার ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ওলিনগর সীমান্তে ভারতীয় চোরাই মালামালের শক্ত সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওই সিন্ডিকেটের মূল হোতা তুষারকে সম্প্রতি বিজিবি গ্রেপ্তার করলেও পরদিনই আদালত থেকে জামিনে বেরিয়ে যায়। 

“ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে সীমান্তে গুলিবিদ্ধ তিনজনই চোরাকারবারি তুষারের সিন্ডিকেটের সদস্য। চোরাকারবারি রোধে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।”