২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতাকর্মী কারাগারে

রাজধানী ঢাকা ও ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন মামলার আসামি ফেনী ছাত্রলীগ-যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাজধানী ঢাকা ও ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইফতেখারুল আলম ওরফে শাহীন আলম পাটোয়ারী (৩৫), ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন জিতু (২০), ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম (৪০) এবং জেলা ছাত্রলীগের কর্মী হাসিম আলী (১৯)। 

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশে যাত্রাকালে ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় গাড়িবহরের অন্তত ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। 

২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর এ ঘটনায় ছাগলনাইয়া থানায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার করা হয়। ওই মামলার আসামি ইফতেখারুলকে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে রোববার রাতে র‍্যাব-৭ ও র‍্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার জানান, সোমবার সকালে আসামিকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই মামলার আসামি শাহাদাৎ হোসেন জিতু ও মো. নজরুল ইসলামকে রোববার গ্রেপ্তার করা হয় বলে ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে ২০২৪ সালের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হাসিম আলীকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দুটি হত্যাচেষ্টা ও নাশকতার মামলার আসামি।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, দুপুরে হাসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।