Published : 16 Jul 2026, 02:35 PM
বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক ব্যক্তি ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধারের খবর জানান শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খান।
পারিবারিক কলহের জেরে ওই দম্পতি ‘কীটনাশক পান করে আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন- শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে জেলে কবির হোসেন (৩২) ও তার স্ত্রী হালিমা বেগম (২৭)।
তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিদর্শক রোকেয়া খানম বলেন, “বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশের একটি দল কবিরের বাড়িতে যায়। সেখানে গিয়ে খাটের ওপর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের পাশাপাশি শোয়া অবস্থায় পাওয়া যায়।”
তিনি বলেন, “এ দম্পতির সংসারে পাঁচ বছর বয়সী একটি মেয়ে এবং দেড় মাস বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
“এর জেরে বুধবার রাতের কোনো এক সময় তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।