২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের মাঠে গরু-ছাগলের হাট, শিক্ষার্থীদের মানববন্ধন

হাটের কারণে বিদ্যালয়ের গোটা মাঠ অধিকাংশ সময় কর্দমাক্ত থাকে; শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 01:08 AM

Updated : 28 Jul 2022, 01:08 AM

মাঠে গরু-ছাগলের হাট বন্ধের দাবিতে মানবন্ধন করেছে মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হানিফের নেতৃত্বে মানববন্ধনে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা মাঠে গরু-ছাগলের হাট বন্ধের দাবিতে নানা স্লোগান দেয়।

প্রধান শিক্ষক আবু হানিফসহ শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি বুধবার হাটের কারণে বিদ্যালয় বন্ধ থাকে। এ ছাড়া ঈদের সময় বুধ-বৃহস্পতি দুইদিন হাট চলে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। পাশপাশি হাটের কারণে বিদ্যালয়ের গোটা মাঠ অধিকাংশ সময় কর্দমাক্ত থাকে। এসব কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায় না।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর বলেন, “বিদ্যালয়ের মাঠের পূর্ব ও দক্ষিণ দিকে হাটের অবকাঠামো আছে। হাট ইজারা দেওয়া হয়েছে, বিদ্যালয়ের মাঠ ইজারা দেওয়া হয়নি। এটি কীভাবে ব্যবহৃত হচ্ছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

হাট ইজারার সঙ্গে সম্পৃক্ত নুরে আলম দিপু বলেন, “বিকল্প জায়গায় হাট স্থানান্তরের জন্য সিদ্ধান্ত হয়েছে। দ্রুত কার্যকর হবে।”