১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোজা না রাখায় কানে ধরে ওঠবস: ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরের ব্যবসায়ী নেতা

বুধবার দুপুরে শহরের থানা রোড এলাকায় হিন্দু সম্প্রদায়ের মালিকানাধীন কয়েকটি পর্দা লাগানো খাবার দোকানে লাঠি হাতে ঘুরে বেড়ান আব্দুল আজিজ।

রোজা না রাখায় কানে ধরে ওঠবস: ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরের ব্যবসায়ী নেতা
ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

লক্ষ্মীপুরে খাবার দোকান থেকে বের করে বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোয় ক্ষমা চেয়েছেন ঘটনায় জড়িত বণিক সমিতির নেতা। 

বুধবার রাতে সদর থানা এলাকা থেকে এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ।

এর আগে দুপুরে শহরের থানা রোড এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পর্দা লাগানো খাবার দোকানে লাঠি হাতে ঘুরে বেড়ান আব্দুল আজিজ।

এ সময় তিনি হোটেলে খাবার খাওয়া অবস্থা থেকে বৃদ্ধ-যুবকসহ কয়েকজনকে বের করে রোজা না রাখার অভিযোগে প্রকাশ্যে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন।  

এ ঘটনার কয়েক খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমেও এ ঘটনায় সংবাদ পরিবেশন হয়।

এ ঘটনার পর রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে৷ 

পরে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে জড়িয়ে ধরে ক্ষমা চান আব্দুল আজিজ। 

তবে ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভুক্তভোগী লাল চুল ও দাঁড়িওয়ালা বৃদ্ধকে দেখা যায়নি।

ওই ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, “কয়েকজন হোটেলে খাবার খাওয়ার জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে উনাদেরকে বলেছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছে, রোজা রাখেননি। 

“আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি উনাদের কাছে ক্ষমা চাই। উনারা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি এ ধরনের পুনরাবৃত্তি আর কখনো করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না।”

বৃদ্ধ-যুবকসহ কয়েকজনকে হোটেল থেকে বের করে রোজা না রাখার অভিযোগে প্রকাশ্যে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন আব্দুল আজিজ।  

বৃদ্ধ-যুবকসহ কয়েকজনকে হোটেল থেকে বের করে রোজা না রাখার অভিযোগে প্রকাশ্যে কান ধরে ওঠবস করতে বাধ্য করেন আব্দুল আজিজ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগীরা জানায়, রমজানের পবিত্রতা রক্ষায় বণিক সমিতির নেতা তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন তিনি ক্ষমা চেয়েছেন। তাই তারা আইনগত ব্যবস্থা নেবেন না। 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, “ঘটনার পরিপ্রেক্ষিতে আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে দুই ব্যক্তিকে আমরা থানায় এনেছি। কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। এ ছাড়া আজিজ নিজেও ক্ষমা চেয়েছেন। এতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “তবে ভুক্তভোগী অন্য কেউ এসে যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব।”