২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ

“ধান ক্ষেতের জমিতে বিদ্যুতের খুঁটি দিয়ে লাইন টানা ছিলো। বিদ্যুতের একটি তার ক্ষেতে পড়ে থাকায় পানিতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 05:04 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, রোববার সকাল ৮টার দিকে শহরের কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ওই এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) অফিসের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টা শিশুটির মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

মৃত ১২ বছর বয়সী তৌহিদ হোসেন সদর উপজেলার দোগাছি গ্রামের প্রবাসী রাসেল শেখের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জাহিদুল বলেন, “রোববার সকালে সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়া শেষে তৌহিদ নামের ওই শিশু বাড়ি ফিরছিলেন। এ সময় ধানের ক্ষেতে কয়েকটি মাছ ভেসে থাকতে দেখে ধরতে যায়।

“ধান ক্ষেতের জমিতে বিদ্যুতের খুঁটি দিয়ে লাইন টানা ছিলো। বিদ্যুতের একটি তার ক্ষেতে পড়ে থাকায় পানিতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।”

এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।