২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু নির্বাচন: মনোনয়ন পেছানোয় বিক্ষোভ, ১৬৮ শিক্ষার্থী ফরম তুলেছেন

এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে মোট ১৯ জন এবং হল সংসদে প্রায় ৩৬৩ প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়ানোয় তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

এদিকে মঙ্গলবার তৃতীয় দিনের মত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ১৬৮ জন। 

বিকালে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে মনোনয়ন বিতরণের সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়। 

মনোনয়ন বিতরণের তিন দিনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে সাতজন, জিএস পদে পাঁচজন এবং এজিএস পদে সাতজন সহ ২৩ পদের বিপরীতে মোট ১৬৮ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। সিনেট ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে মোট ১৯ জন এবং হল সংসদে প্রায় ৩৬৩ প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর ফলে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন শেষ মুহূর্তে এসে এভাবে মনোনয়নের সময়সীমা বাড়িয়ে দুর্বলতার প্রমাণ দিয়েছে।

বিক্ষোভ সমাবেশে সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহপরান লিখন বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যেভাবে একটি সংগঠনকে সুবিধা দিতে নির্বাচন পিছিয়েছে, বর্তমানেও তারই পুনরাবৃত্তি ঘটছে। প্রশাসন একটি দলকে সুবিধা দেওয়ার জন্য রাকসু নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে; যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নিন্দনীয়।”

সাবেক সমন্বয়ক তাসিন খান বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সময় বাড়াতে পারে। কিন্তু নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”

সহসভাপতি পদপ্রার্থী এবং ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “শেষ সময়ে এসে কোনো একটা দলকে সুযোগ সুবিধা দেওয়া জন্য তারা অযৌক্তিকভাবে পাঁচ-ছয় দিন বাড়ানো হয়েছে। এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে নির্বাচন বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাব।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ডোপ টেস্টে অধিক সময় লাগাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজ মিটিংয়ে বসেছিলাম। আমাদের মিটিং শেষে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।”