২৮ দিনের দণ্ডে ১৬ মাস কারাগারে, অবশেষে দেশে ফিরলেন ২ ভারতীয়
অনুপ্রবেশের অভিযোগে ২০২৪ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্ত থেকে তাদের আটক করেছিল বিজিবি।
নানা আইনি জটিলতায় ১৬ মাস হবিগঞ্জ কারাগারে বন্দি থাকার পর অবশেষে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। অথচ তাদের কারাদণ্ডের মেয়াদ ছিল মাত্র ২৮ দিন।
সোমবার দুপুরে উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকা দিয়ে বিএসএফের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে জানান বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম।
বিজিবি জানায়, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ২০২৪ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে ভারতীয় নাগরিক অজিৎ বিশ্বাস এবং সমীর দাশকে আটক করে বিজিবি।
পরে তাদেরকে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করে হবিগঞ্জ আদালত। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে সাজা শেষ হওয়ার আরও প্রায় ১৬ মাস পর তাদের দেশে ফেরত পাঠানো হয়।
প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম।
এ সময় চুনারুঘাট থানার পক্ষে উপস্থিত ছিলেন এসআই সজল কুমার পাল।
ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি. কুডিয়াওসো, বিএসএফের কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ওসি কে. ডি. সরকার উপস্থিত ছিলেন।
