হত্যাচেষ্টা: জামালপুরে পৌর মেয়র ও আওয়ামী লীগের ৬২ জন আসামি
পুলিশ জানায়, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
জামালপুর পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আবদুল করিম কামরানের স্ত্রী সুরাইয়া আক্তার বুধবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেছেন। তার বাড়ি জামালপুর পৌরসভার শাহাপুর এলাকায়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ওরফে ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. সুরুজ্জামান, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফজলুল হক আকন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি মো. মাসুম রেজা ওরফে রহিম, জেলা যুবলীগের সভাপতি রাজন শাহ ওরফে রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ওরফে বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম ওরফে রাব্বী।
মামলার এজাহারে বাদী সুরাইয়া আক্তার উল্লেখ করেন, ১৯ জুলাই বিকালে দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা তার স্বামী আব্দুল করিম কামরানকে হত্যা উদ্দেশ্যে মারধর করেন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর সাংবাদিকদের জানান, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
