Published : 30 May 2026, 01:18 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মধ্যে দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ শিশুদের মৃত্যু হয়েছে বলে জানান সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় মাস বয়সী আরিফা সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা নাজমুল হকের মেয়ে। শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
অপর শিশু আট মাস বয়সী আবদুল্লাহ আল মাহিন জকিগঞ্জ উপজেলার বাসিন্দা মাসুম আহমদের ছেলে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
হাম নিয়ে স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২৩৭ জন রোগী। এ সময় হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ রোগী জন।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। তাদের চার শিশুর ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।