Published : 21 Jun 2026, 09:39 PM
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে নামাজ পড়ার সময় এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।
রোববার দুপুরে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের গোলেরহাট এলাকার বয়াতিবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলাউল হাসান।
নিহত নজরুল ইসলাম সরদার (৪৫) ওই এলাকার কাঞ্চন সরদারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলাউল হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় বড় ভাই হারুন সরদারকে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, হারুন সরদারের সঙ্গে তার ভাই মজিবুর সরদারের দুই কড়া জমি নিয়ে বিরোধ চলছে। নজরুল ইসলাম মজিবুরের পক্ষ নেন। এ নিয়ে হারুন সরদার ক্ষুব্ধ ছিলেন।
এর জেরে নামাজ পড়ার সময় নজরুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে মসজিদে থাকা লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।
কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম সৌদি আরবে কর্মরত ছিলেন। ২৫ জুন তার আবার সৌদি আরবে যাওয়ার কথা ছিল।