Published : 03 Jul 2026, 12:12 AM
ঝালকাঠি সদর উপজেলায় একটি জঙ্গলে ২০১৫ সাল থেকে একাকী বসবাস করছেন পলাশ বড়াল নামের এক যুবক।
পলাশের বড় ভাই ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিনয় বড়াল বলেন, তরুণ বয়সে এক তরুণীকে ভালোবাসার কথা জানিয়ে সাড়া না পাওয়ার পর থেকেই তিনি ধীরে ধীরে মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দেন।
একসময় সমাজ ছেড়ে উপজেলার শেখেরহাট ইউনিয়নের সীমান্তকাঠি এলাকার জঙ্গলে একাকী বসবাস শুরু করেন পলাশ।
কৃষক ধীরেন বড়ালের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে তৃতীয় পলাশের বয়স এখন ৩৮ বছর।
পলাশ বলেন, “আমি কাউকে দায়ী করি না। নিজের ব্যর্থতার কারণেই এ জীবন বেছে নিয়েছি। কেউ ইচ্ছা করে এমন জীবন বেছে নেয় না।”
পরিবারের সদস্যদের ভাষ্য, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সংসারজীবনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় এক বছরের মাথায় স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
জঙ্গলের ভেতরে সুপারি গাছ দিয়ে ঘর তৈরি করেছেন পলাশ। সেখানে বিদ্যুতের কোনো সংযোগ নেই। নিজের রান্না নিজেই করেন।
কখনো স্থানীয়দের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন, আবার অনেক সময় এলাকার মানুষের সহায়তা পান।
স্থানীয় ইউপি সদস্য বিকাশ হালদার বলেন, “পলাশের বিষয়টি দীর্ঘদিনের। এলাকার মানুষ তাকে চেনে এবং বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমরা চাই, প্রয়োজনীয় পারিবারিক ও সামাজিক সহায়তার মাধ্যমে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুন।”