২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে যোগ: খাগড়াছড়িতে এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

সোমবার এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে যোগ দেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 01:26 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরাকে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে।

বিএনপিতে যোগ দেওয়ার পর সোমবার এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিপ্লবকে বহিষ্কারের বিষয়ে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের এ ঘোষণাকে ‘হাস্যকর’ বলছেন বিপ্লব ত্রিপুরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিপ্লব ত্রিপুরা দলীয় গঠনতন্ত্র, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে এনসিপির আদর্শবিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন, যা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন।

দলীয় ফোরামে বিষয়টি পর্যালোচনা ও আলোচনাক্রমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বিল্পব ত্রিপুরাকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির থেকে তার সকল দলীয় পদবি এবং প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হলো। 

বহিষ্কার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কারের পর বিপ্লব ত্রিপুরা দলের নাম, পরিচয় বা পদবি ব্যবহার করতে পারবেন না এবং কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রমেও অংশগ্রহণ করার এখতিয়ার তার থাকবে না।

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করায় খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার বিকালে এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে যোগ দেন।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিপ্লব ত্রিপুরা বলেন, “আমি তো সব জেনে বুঝে বিএনপিতে যোগ দিয়েছি। যোগদানের পর আমাকে বহিষ্কারের আদেশ হাস্যকর ও মূর্খতা।”

জামায়াতের সঙ্গে জোট: এনসিপি ছেড়ে বিএনপিতে ৩০০ নেতাকর্মী