২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

২০২০ সালের ১৯ জুন দুপুরে সুরুভীকে শ্বশুরবাড়িতে শ্বাসরোধে হত্যা করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক নারীকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন বলে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাসুদুর রহমান জানান।

দণ্ডিত ইসমাইল হোসেন কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়ার আবু তালহার ছেলে। তিনি পলাতক রয়েছেন। 

সাজার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বরাতে মাসুদুর বলেন, পাইকোশা পূর্বপাড়ার গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভীকে পালিয়ে বিয়ে করেন ইসমাইল হোসেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন ইসমাইল। এর জেরে ২০২০ সালের ১৯ জুন দুপুরে সুরুভীকে শ্বশুরবাড়িতে শ্বাসরোধে হত্যা করা হয়।

এরপর মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল ও তার স্বজনরা। পরে সুরুভীর ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার বাবা আবু তালহা ও মা শাহিদা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, তদন্ত শেষে ইসমাইল ও তার মা শাহিদা খাতুনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার মা শাহিদা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।