২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি, ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

“বিকাল ৩টায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 09:12 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে। 

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে ‘হিটস্ট্রোকে’ এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  

মৃত আবু সামাদ (৫৫) সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং মৃত আজিজার রহমানের ছেলে।

শহরের বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ মণ্ডল বলেন, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। মালতীনগর বকশীবাজার এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ফরহাদ মণ্ডল বলেন, “পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, বগুড়া আবহাওয়া কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম বলেন, বিকাল ৩টায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।