২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের
নিহত মারজান আহমদ এবং জাহাঙ্গীর হোসেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 08:48 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ বাল্লাহ এলাকায় এ ঘটে বলে জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান।

নিহতরা হলো- কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) এবং একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রহমানের ছেলে মারজান আহমদ (১৭)।

আহত কানাইঘাট উপজেলার দর্পণগর পশ্চিম গ্রামের আশিক আহমেদেও ছেলে সৌরভ আহমদ (১৯) এবং জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে শুভ আহমদ (২২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জাবেদ মাসুদ বলেন, জকিগঞ্জ থেকে মোটরসাইকেলে তিনজন কানাইঘাটের দিকে যাচ্ছিলেন। পথে অপর আরেকটি মোটরসাইকেলে শুভ আহমদ বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠছিলেন। এ সময় দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

আহত অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি জাবেদ মাসুদ।